লিখুন ডট কম || ০৮ জুন ২০২৬

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা

তালীম, তাসনীফ, দাওয়াহ-এই তিনটি মৌলিক বিষয়কে সামনে নিয়ে ১৪১৬ হিজরী, মোতাবেক ১৯৯৬ ঈসায়ী সালে শুরু হয় এর পথচলা। সময়ের প্রয়োজন বিবেচনা করে কুরআন-সুন্নাহ ও দ্বীনী ইলম চর্চায় নতুন গতির সঞ্চার ও দ্বীনী শিক্ষার্থীদের মাঝে বহুমুখী যোগ্যতা তৈরি এর প্রধান লক্ষ্য। এখানে আরববিশ্ব ও বিদেশের অন্যান্য উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদরাসাসমূহ থেকে শিক্ষা সমাপণকারী মেধাবী আলেমদেরকে ২ থেকে ৫ বছর মেয়াদে হাদীস, ফিকহ ও ইসলামী জ্ঞান-শাস্ত্রের বিভিন্ন বিষয়ে গবেষণামূলক ও উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। সেই সাথে সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, আইম্মায়ে দ্বীন তথা আহলুস সুন্নাহ ওয়াল-জামাআতের স্বীকৃত নীতি অনুযায়ী কুরআন-সুন্নাহর সহীহ-শুদ্ধ ব্যাখ্যা ও ইসলামের বাণী জনগণের নিকট পৌঁছে দেওয়া এবং দ্বীনের প্রচার-প্রসার ও দ্বীনী শিক্ষা বিস্তারের সকল চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতাসমূহ মোকাবেলা করে সর্বস্তরের মানুষের মাঝে ধর্ম ও ধর্মীয় শিক্ষার অনুক‚লে ইতিবাচক মনোভাব তৈরির প্রয়াস মারকাযের কর্মসূচিতে বিশেষভাবে শামিল।

দারুল ইফতা (ফতোয়া বিভাগ)

এখানে কুরআন-সুন্নাহ ও ফিকহ-ফতোয়ার কিতাবাদি থেকে নির্ভরযোগ্য মুফতীগণ ইসলাম সংক্রান্ত যুগ-জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন। লিখিত ফতোয়ার পাশাপাশি দারুল ইফতায় এসে মৌখিকভাবে মাসআলা জানা যায়। এছাড়াও নির্দিষ্ট নম্বরে ফোন করে ও ই-মেইলের মাধ্যমে মাসআলা জানার সুযোগ রয়েছে।

তাসনীফ বিভাগ (রচনা, সংকলন ও অনুবাদ)

মেধাবী আলেমদেরকে উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মারকাযের রয়েছে একটি স্বতন্ত্র ‘দারুত তাসনীফ।’ এখানে মুহাক্কিক আলেমগণ গুরুত্বপূর্ণ বইপত্র রচনা, সম্পাদনা, অনুবাদ ও সময়ের প্রয়োজনীয় প্রবন্ধ-নিবন্ধ তৈরি করে থাকেন। এ বিভাগের প্রস্তুতকৃত বেশ কিছু আরবী, বাংলা ও উর্দুগ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আরো বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে।

মাসিক আলকাউসার

গবেষণাধর্মী ইসলামী ম্যাগাজিন মাসিক আলকাউসার। যা ২০০৫ সাল থেকে দেশ ও দেশের বাইরের বাংলাভাষী পাঠকদের দ্বীনী চাহিদা পূরণে ভূমিকা রাখছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে ত্রৈমাসিক আলকাউসার শিশু-কিশোর ও আলকাউসার নারী পত্রিকাও পৃথকভাবে প্রকাশিত হচ্ছে। মুদ্রণ সংস্করণের পাশাপাশি এর ওয়েব সংস্করণও নিয়মিত প্রকাশিত হচ্ছে।